গাইবান্ধার সাঘাটায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে প্রকাশ্য বাজারে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

আজ রবিবার (২১ জুন) এক বিবৃতিতে তিনি এ হত্যাকাণ্ডকে ‘বর্বর, কাপুরুষোচিত ও মানবতাবিরোধী’ বলে আখ্যায়িত করেন।

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে সাবেক যুবদল নেতা মুকুল ও তার ভাই পলাশসহ সন্ত্রাসীরা মেধাবী ছাত্র সাইফুল্লাহ বারীকে ধারালো অস্ত্র ও লোহার শাবল দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। এই ধরনের রক্তক্ষয়ী ও পাশবিক হামলা কোনো সভ্য সমাজ ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতিতে গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঘটনার সঙ্গে জড়িত মূল হোতা মুকুল ও পলাশসহ সকল খুনি ও সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

প্রশাসন ও পুলিশের প্রতি জোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব যেন এই স্পর্শকাতর মামলার তদন্তকে বাধাগ্রস্ত করতে না পারে, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার হামলায় গুরুতর আহত এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সাইফুল্লাহর বন্ধু সালাউদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতির শেষাংশে তিনি নিহত সাইফুল্লাহ বারীর শাহাদাত কবুলিয়তের জন্য দোয়া করে বলেন, “আমি নিহত সাইফুল্লাহ বারীর শাহাদাত কবুলিয়তের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা শোকাহত পরিবারকে এ কঠিন শোক সহ্য করার তাওফীক দান করুন।”