রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা শক্তিশালী করতে বড় ধরনের অবকাঠামোগত পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী এখানে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (১ জুলাই) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি বলেন, পূর্বাচলে ডিএমপির আওতায় আইনশৃঙ্খলা রক্ষার সক্ষমতা বাড়াতে একাধিক স্থাপনা গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে রয়েছে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি ডেপুটি কমিশনার (ডিসি) অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ।
আইজিপি আরও জানান, প্রকল্পের জন্য ইতোমধ্যে পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে পূর্বাচল এলাকাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় পৃথক একটি কাঠামো হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ কাঠামোর নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত পুলিশ কমিশনার। পাশাপাশি প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল নিয়োগের প্রস্তাবও রয়েছে।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।