রাজশাহী ব্যুরো

রাজশাহী বিভাগের সার্বিক উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সমন্বয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা করেন বিভাগের বিরোধীদলীয় সংসদ সদস্যবৃন্দ (এমপি) ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সভা কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জামায়াতের নির্বাচিত এমপিদের মধ্যে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-৪ আসনের এমপি ডা. আবদুল বারী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ড. মিজানুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি নুরুল ইসলাম বুলবুল, নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের রাজশাহী জেলা আমীর অধ্যাপক আবদুল খালেক, রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল প্রমুখ। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় বক্তব্য প্রদানকালে বিরোধীদলীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও অর্থ বরাদ্দের ক্ষেত্রে বিরোধী দলের আসন ও জনপ্রতিনিধিদের এলাকাগুলোকে কোনো গুরুত্ব দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। তারা আরো জানান, বরেন্দ্র অঞ্চলের সেচ সংকট নিরসন, পদ্মার ড্রেজিং, কৃষকের ফসলের ন্যায্যমূল্য এবং সার-বীজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি। একই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা-উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট দূর করা এবং সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে প্রশাসনকে সতর্ক হতে আহ্বান জানান। সভায় বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ জনপ্রতিনিধিদের উত্থাপিত সব অভিযোগ ও সমস্যার সমাধানে সরকারি বরাদ্দে ভারসাম্য রক্ষাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।