গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) রাত ৯ টার দিকে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার মুক্তমঞ্চের দক্ষিণ পাশে রেলওয়ে কলোনি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় বাবুল নামে এক ব্যক্তির দক্ষিণমুখী ছাপড়া টিনের ঘরে অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. শাহ আলম (৫২), শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মো. সোহেল (৩০), দক্ষিণ পেলাইদ এলাকার বাসিন্দা শিপন (২৮), তালতলী (মুরগির বাজার) এলাকার বাসিন্দা এবং তানজিন (২২), পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা। তাদের সবার বাড়ি শ্রীপুর উপজেলায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।