জামায়াতের কুষ্টিয়া জেলা নায়েবে আমীর শাহজাহান আলী মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ২টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন লিভার ও কিডনী রোগে ভূগছিলেন। সপ্তাহখানেক আগে তিনি স্ট্রোক করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজশাহীতে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।

মরহুমের জানাজা কুষ্টিয়া শহরে আজ রাত ৮টায় অনুষ্ঠিত হবে। সেখানে জানাজা শেষে নিজ গ্রাম কুষ্টিয়ার মিরপুরের ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামে দ্বিতীয় জানাজা রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ গ্রামের গোরস্থানে দাফন করা হবে।

জামায়াত নেতা শাহাজাহান আলী মোল্লার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের কুষ্টিয়া জেলা নেতৃবৃন্দ। এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, সেক্রেটারী এনামুল হক, কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য জামায়াতের জেলা আমীর আব্দুল গফুর, খোকসা কুমারখালী আসনের সংসদ সদস্য আফজাল হুসাইন, মিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মরহুম শাহজাহান আলী মোল্লা জামায়াতের অত্যন্ত ত্যাগী নেতা ছিলেন। কুষ্টিয়া মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কাঁদামাটি মেখে দ্বীনের কাজ আঞ্জাম দেন। এরপর মিরপুর উপজেলার আমীর হিসাবে দায়িত্ব পালন করেন। পরে জেলা সেক্রেটারী ও নায়েবে আমীর হিসাবে দায়িত্ব পালন করেন। বিগত সময়ে দায়িত্ব পালনকালে তিনি জেল জুলুমের শিকার হন।

দূর্দিনের কান্ডারী কুষ্টিয়া জেলা জামায়াতের প্রবীণ নেতা শ্হজাহান আলী মোল্লার ইন্তেকালে বিভিন্ন শ্রেনীর পেশার ব্যক্তিবর্গ পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন।