মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি একাধিক মামলার পলাতক আসামির। শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার পলাতক আসামি, পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য এবং জিআর ওয়ারেন্টভুক্ত তালিকাভুক্ত এক দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের গণমাধ্যম শাখা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ জুন) শ্রীনগর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন লতিফ তালুকদারের পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করেন এবং পুকুরে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করেন।
তবে পুলিশ সদস্যরা ধাওয়া অব্যাহত রেখে অভিযান চালিয়ে পুকুর থেকেই তাকে আটক করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. সাব্বির ফকির (২৫)। তিনি শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার জনি ফকিরের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একাধিক মামলার পলাতক আসামি, পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য এবং জিআর ওয়ারেন্টভুক্ত তালিকাভুক্ত আসামি।
শ্রীনগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।