কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদে কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় মন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ব্যবহারের জন্য নির্মিত ‘পরিদর্শন কক্ষ’-এর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে সরকারি এডিপি ও বিশেষ বরাদ্দের ৩২ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল বেঞ্চ এবং বিভিন্ন ক্রীড়া ক্লাবের মাঝে ফুটবল ও খেলার জার্সি বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণ ও অন্যান্য উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষ সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সেবার মান এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি উপজেলার নদীভাঙন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনদুর্ভোগ নিরসনে চলমান বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও যুব উন্নয়নে কাজ করাই তাঁর অঙ্গীকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আলহাজ্ব আব্দুল্লাহ আল নোমান, খোকসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খোকসা উপজেলা আমীর মোঃ নজরুল ইসলাম, পৌর মেয়র পদপ্রার্থী আব্দুর রাজ্জাক, পৌর আমীর আব্দুল বারেক, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আজাদ আহমেদ, ছাত্রশিবির খোকসা উত্তর শাখার সভাপতি রুহুল আমিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।