বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, “শ্রমিকের অধিকারের কথা সবাই বলে, শ্রমিকদের ন্যায্য দাবির কথা সবাই বলে কিন্ত বিগত সরকার গুলো শ্রমিকদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার দিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, যে দেশে আড়াই কোটি কৃষি শ্রমিক আছে কিন্তু এ শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের কি কোন পদক্ষেপ আছে? শ্রমিকরা জীবনের মায়া তুচ্ছ করে মাঠে-ঘাটে মাথার ঘাম পায়ে ফেলে রাতদিন পরিশ্রম করে কিন্তু তাদের জীবনমানের কোন উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে না। শ্রমিকরা সারা জীবন সে শ্রমিকই থেকে যায়, তাদের ভাগ্যের কোন পরিবর্তন নেই। আমরা শ্রমিকদের সত্যিকারের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
কক্সবাজার জেলা শ্রমিক জামায়াতের উদ্যোগে শুক্রবার (১২ জুন) বিকালে কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শ্রমিক সভাপতি আতিকুর রহমান আরও বলেন, রাষ্ট্র বিনির্মাণে শ্রমিকরা যে অবদান রাখে, সে তুলনায় শ্রমিকদের ন্যায্য অধিকারের ক্ষেত্রে রাষ্ট্র বৈষম্যমূলক আচরণ করে।
বিগত জুলাই বিপ্লবে প্রায় একশত পঞ্চাশ জন শ্রমিক প্রাণ দিয়েছে, আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবকে ধারণ করে বৈষম্যমুক্ত ও শ্রমিক বান্ধব বাজেট উপস্থাপন করা হবে কিন্তু ফ্যাসিবাদের পতনের পর প্রথম গণতান্ত্রিক সরকারের বাজেট উপস্থাপনে শ্রমিকদের বৈষম্য করা হয়েছে। আমরা এ সরকারের প্রতি দাবি জানাই অবিলম্বে বাজেট সংশোধন করে শ্রমিক বান্ধব বাজেট প্রণয়ন করতে হবে।
জেলা সভাপতি শামসুল আলম বাহাদুরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, শ্রমিক জামায়াতের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভুঁইয়া ও কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম।
জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন ও সাংগঠনিক সম্পাদক এমইউ বাহাদুরের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমিক জামায়াতের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান।
এছাড়া বক্তব্য রাখেন শ্রমিক জামায়াতের জেলা সহ-সভাপতি সাঈদুল আলম, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ও পেকুয়া উপজেলা সভাপতি দিদারুল ইসলাম, দর্জি ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন, পরিবহণ শ্রমিক জামায়াতের সভাপতি মুহাম্মদ শাহজাহান, রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, রামু উপজেলা শ্রমিক জামায়াতের সভাপতি মোকতার আহমদ, উখিয়া উপজেলা সভাপতি রিদুওয়ানুল হক জিশান, দোকান কর্মচারী জামায়াতের সভাপতি এডভোকেট মামুনুর রশিদ, শ্রমিক নেতা আমিনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।