কুমারখালী উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়া জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী, বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট অ্যাডভোকেট লিয়াকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার আমীর ও সেক্রেটারি।
আজ সকালে তিনি নিজ বাসভবনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য অনবদ্য লেখা, রাজনৈতিক কথন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে (বড় মসজিদ) মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এই জ্ঞানতাপস ও বিশাল মনের মানুষটির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসীন এবং জেলা সেক্রেটারী অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, "অ্যাডভোকেট লিয়াকত আলী ছিলেন কুষ্টিয়ার আইন অঙ্গন, সাংবাদিকতা ও সুধী সমাজের এক উজ্জ্বল নক্ষত্র। আইন পেশার পাশাপাশি সমাজ ও রাজনীতির চুলচেরা বিশ্লেষণে তাঁর অনবদ্য লেখনী ও কথন সর্বমহলে প্রশংসিত ছিল। এই গুণী ব্যক্তিত্বের আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়াবাসী একজন অভিভাবককে হারালো।নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন এই প্রিয় ও বিশাল মনের মানুষটিকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
একই সাথে শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁরা বলেন, আল্লাহ যেন এই কঠিন শোক কাটিয়ে উঠতে সকলকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।