গাজীপুরের শ্রীপুরে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে “১০০ মাঠ ১০০ ফুটবল” বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) বিকেল ৫টায় ৮৪ নং কেওয়া পূর্ব খন্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সেক্রেটারি বায়জিদ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে বায়জিদ মাহমুদ বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও নানা অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, “১০০ মাঠ ১০০ ফুটবল” কর্মসূচির মাধ্যমে শ্রীপুর উপজেলার প্রতিটি মাঠে খেলাধুলার পরিবেশ সৃষ্টি হবে এবং তরুণরা সুস্থ বিনোদনের সুযোগ পাবে। তিনি এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর পৌরসভার সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন এবং সমাজকল্যাণ সেক্রেটারি আকতারুজ্জামান মোল্লা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রশিবির শ্রীপুর উপজেলা সভাপতি হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির শ্রীপুর পৌরসভা সভাপতি রিয়াদ হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর সদর উপজেলা সভাপতি মোঃ সফর আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় মাঠের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়। তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১২টি ফুটবল বিতরণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে শ্রীপুর উপজেলার প্রতিটি মাঠে ফুটবল পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।