গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেট এলাকার ৫৫ নম্বর ওয়ার্ডের চুরি ফ্যাক্টরি মহল্লার লাল মসজিদের পেছনে বিশেষ অভিযান চালিয়ে জাল টাকার সদৃশ নোট, বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় কামালের ছেলে আলমসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) পরিচালিত এ অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন নেতৃত্ব দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কামাল ও আমেনা বেগমের দোতলা ভবনের একটি কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ জাল টাকার সদৃশ নোট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কামালের ছেলে আলমসহ দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জাল টাকার সদৃশ নোটের উৎস, এগুলো কী উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্রের বিষয়ে তদন্ত চলছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।