বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৬ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ জুলাই (শুক্রবার) থেকে দেশব্যাপী একযোগে শুরু হবে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ২১৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে এবার ৪৭ হাজার ৪১ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ২৭ হাজার ৭৯৬ জন পুরুষ এবং ১৯ হাজার ২৩৮ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।

বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সার্বিক তদারকি করবে।

এদিকে, প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ১৭ জুলাই স্থগিত হওয়া বাংলা প্রথম পত্র (HSC-1851) ও বাংলা দ্বিতীয় পত্র (HSC-2851) পরীক্ষার নতুন সময়সূচি পরে পৃথকভাবে জানানো হবে।

পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।