ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক জাকির হোসেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক আতিকুর রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক জাকির হোসেন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক আতিকুর রহমানকে ২৫ জুলাই থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে উপাচার্য নিয়োগ প্রদান করেছেন। এই দায়িত্ব পালনের জন্য তাঁরা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
দায়িত্ব পাওয়ার পর নবনিযুক্ত সহকারী প্রক্টর জাকির হোসেন বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আস্থা নিয়ে আমাকে এই দায়িত্ব দিয়েছে, সেই আস্থার প্রতিদান দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের মতামতের ভিত্তিতে প্রক্টর স্যারের মাধ্যমে সার্বিক বিষয়গুলো উপাচার্য স্যার পর্যন্ত পৌঁছে দিতে কাজ করব। এ ব্যাপারে আমি সবার সহযোগিতা কামনা করছি।"