স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। মঙ্গলবার (২৮ জুলাই) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় ভাইস-চ্যান্সেলর ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৪(১) ও ১৪(২) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনকে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও মাস্টার্স সম্পন্ন করার পর জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে ‘ইনফরমেশন সায়েন্স ফর বিজনেস’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র বিগ ডেটা, মেশিন লার্নিং, ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভোক্তা আচরণ এবং মার্কেটিং। দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে তাঁর প্রায় ৩০টি গবেষণা প্রবন্ধ এবং দুটি বইয়ের অধ্যায় প্রকাশিত হয়েছে।

কর্পোরেট জগৎ ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে তিনি ‘ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ক্লাব (DUMarC)’ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অস্ট্রিয়া, জার্মানি, সিঙ্গাপুর, পোল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করে তিনি একাডেমিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে তাঁর যোগদানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রম এবং উন্নয়ন পরিকল্পনায় নতুন গতি ও কার্যকর নেতৃত্ব যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।