আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার দাবিতে বুধবার (২৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে আদ্-দ্বীন হাসপাতালে সেবাগ্রহনকারী নাগরিক সমাজ। মানববন্ধন থেকে নাগরিক সমাজের প্রতিনিধিরা অবিলম্বে হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিয়ে হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিচালনায় সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা বলেন, কোন একটি ঘটনায় পুরো হাসপাতাল বন্ধ করে দিয়ে লাখ-লাখ মানুষের জীবন হুমকির মধ্যে ফেলে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। হাসপাতাল বন্ধ না করে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।
আদ্-দ্বীন হাসপাতালে সেবাগ্রহনকারী নাগরিক সমাজের আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট সুলতান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা সাইফুল্লাহ বাপ্পি, আ জ ম ওবায়দুল্লাহ, আহসান উল্লাহ শামীম, আবু মুসা, জেসমিন আক্তার, ফারহানা লিপি, প্রিন্সিপাল এএসএম মোস্তফা কামাল, আহমদ আলী সরকার প্রমুখ।
বক্তরা বলেন, নাগরিক ভোগান্তি নিরসনে আগামী ৭ দিনের মধ্যে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিতে হবে। অন্যথায় সকল সেবা গ্রহণকারী রাজপথে নামতে বাধ্য হবে। এরপরও দাবি আদায় না হলে, স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করাসহ কঠোর কর্মসূচি আসতে পারে।