দেশবাসী ঐক্যবদ্ধ আছে। বিজিবির পাশে গোটা দেশবাসী আছে। আল্লাহর সাহায্য পেলে সব ধরনের আধিপত্যবাদকে রুখে দেওয়া সম্ভব হবে। এ জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন হবে। জাতীয় স্বার্থের জায়গায় সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

গত শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আফসোস! বর্তমান সরকারি দল প্রায় ৭০ ভাগ জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম, সেখানেই থেকে গেলাম। কোনো পরিবর্তন আসল না।’

জামায়াত আমীর বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণ ফ্যাসিবাদী ধারার পরিবর্তন চেয়েছিল। সেই লক্ষ্যেই সংস্কারের সনদ তৈরি হয় এবং তার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়। তবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলেও সরকার শুধু সংসদ নির্বাচনের ভোটের মূল্যায়ন করলেও গণভোটের রায় কার্যকর করেনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘হয়তো কেউ কেউ বলবেন, চার মাসের সরকার, আমরা তো অপেক্ষা করতে পারি। কিন্তু না, ফাউন্ডেশনের ওপরেই একটা দেশ এবং রাষ্ট্র চলে। মর্নিং শোজ দ্য ডে। দিনটি কেমন যাবে, সকালবেলাই তা বলে দেবে।’

নির্বাচনের আগে সরকারি দল ও বিরোধী দলÑউভয়েই গণভোটের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল উল্লেখ করে বিরোধীদলীয় এই নেতা বলেন, দেশের ইতিহাসে নির্দলীয় সরকারের অধীন অনুষ্ঠিত এই গণভোটের রায় সরকার উপেক্ষা করেছে। ফলে জাতীয় জীবনে নতুন সংকট সৃষ্টি হয়েছে।

সরকার স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, স্বাধীন গুম কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মতো মৌলিক সংস্কারের উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন জামায়াত আমীর। তাঁর ভাষায়, ‘এভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই সব জায়গা আগের জায়গায় থেকে গেল।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, সমাজ ভালো নেই। খুন, ধর্ষণ ও সন্ত্রাসের ঘটনা বাড়ছে। গাইবান্ধায় শিবিরের এক নেতা হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেও এমন ঘটনা ঘটছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি সব মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভেতরে পালন করেন, কিন্তু নিজের মন্ত্রণালয়ের দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই।

সরকারকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সরকার ভালো উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে। তবে গণবিরোধী যেকোনো উদ্যোগের প্রতিবাদ এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধও করা হবে। এই প্রয়াস সংসদের ভেতরে ও বাইরে সমানতালে চলবে। বিরোধী দল অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। যেখানেই ফ্যাসিবাদ, সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

দেশবাসীকে আরও ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে বিরোধী দল আন্দোলন চালিয়ে যাবে।

জামায়াতের কোনো কার্যক্রম দেশ ও জাতির স্বার্থবিরোধী হলে জনগণকে সমালোচনা করার আহ্বান জানিয়ে দলটির আমীর বলেন, ‘আমাদের ভুল ধরিয়ে দেবেন। প্রয়োজনে প্রতিবাদও করবেন। আমরা স্বাগত জানাব।’

জামায়াত আমীর বলেন, বাংলাদেশ ১৯৪৭ ও ১৯৭১ সালে দুইবার স্বাধীনতা অর্জন করলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। দেশ পরিচালনায় যাঁরা ছিলেন, তাঁদের ব্যর্থতার কারণে আজও এ দেশে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় অধিবেশনে দারসুল হাদীস পেশ করেন সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। এত আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদের (পুরুষ ও মহিলা) সদস্যবৃন্দসহ প্রায় ৪০০ জন কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্য।

মজলিসে শূরার এ অধিবেশনে সংগঠনের ২০২৫ সালের বার্ষিক রিপোর্ট, রাজনৈতিক রিপোর্ট ও প্রস্তাবনা, স্থানীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনাক্রমে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশনে গৃহীত প্রস্তাবসমূহ-

দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সীমান্তে ভারত কর্তৃক অবৈধ পুশইন ও বাংলাদেশি নারিকদের হত্যা এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার অপপ্রয়াস, প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা এবং বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাতময় পরিস্থিতি গভীর উদ্বেগের সাথে পর্যালোচনা করে জনগণের প্রত্যাশা পূরণ, রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সর্বসম্মতিক্রমে নি¤েœাক্ত প্রস্তাবসমূহ গ্রহণ করছে-

১। অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন: সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ও স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ এবং চলতি বছরের ১২ ফেব্রুয়ারির গণভোটে সংবিধান সংস্কারের লক্ষ্যে ‘হ্যাঁ’ -এর পক্ষে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের গণরায় একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মৌলিক রূপরেখা। কিন্তু গণভোটের রায় সরকার কর্তৃক অসম্মান ও অগ্রাহ্য করায় জনগণের মধ্যে চরম হতাশা, ক্ষোভ বিরাজ করছে এবং সরকারের প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছে, যা রাষ্ট্রের জন্য একটি অশুভ সংকেত। এ প্রেক্ষিতে কেন্দ্র্রীয় মজলিসে শূরা জোরালোভাবে প্রস্তাব করছে যে, ক) গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। যার মাধ্যমে জনগণের আকাক্সক্ষার প্রতিফলনের পথ প্রশস্ত হবে। খ) চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এমন সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অংশীজনদের সম্পৃক্ত করে জাতীয় ঐকমত্য বজায় রাখতে পদক্ষেপ নিতে হবে।

২। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ গ্রহণ: দ্রব্যমূল্যের ক্রমবৃদ্ধির ফলে দেশের প্রান্তিক শ্রেণি থেকে শুরু করে নি¤œ মধ্যবিত্ত শ্রেণির মানুষ নিত্যপণ্য ক্রয়ের সক্ষমতা হারিয়ে ফেলেছে। ফলে নাগরিকদের ভোগান্তি বেড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে মজলিসে শূরা প্রস্তাব করছে যে, ক) নাগরিকদের ক্রয় ক্ষমতা বিবেচনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারকে নিয়মিত বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তদারকি জোরদার করতে হবে। খ) ভর্তুকি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নি¤œআয়ের জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করতে হবে। গ) দেশের উৎপাদন খাতকে নিরাপদ ও সাশ্রয়ী রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত কোনো ভোগান্তি না হয়। ঘ) জ্বালানি খাতের স্থিতিশীলতার জন্য দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষজ্ঞদের নিয়ে টাস্কফোর্স গঠন করতে হবে।

৩। আইনশৃঙ্খলা পরিস্থিতি; চাঁদাবাজি, হত্যাকা- ও দখলবাজি বন্ধ এবং সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন: আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশব্যাপী হত্যাকা-, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকা-ের বিস্তার ও জননিরাপত্তা বিঘিœত হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং দেশি ও বিদেশি (এফডিআই) বিনিয়োগের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক স্থিতিশীলতা ব্যাহত হবে। এছাড়াও বাংলাদেশের সীমান্তে অস্থিরতার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত অশুভ পরিকল্পনা অব্যাহত রেখেছে। যার কারণে সাম্প্রতিক সময়ে পুশইন চেষ্টা, আন্তর্জাতিক সীমান্ত আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের অন্যায়ভাবে গুলি করে হত্যা করছে ভারতীয় বাহিনী বিএসএফ। এ প্রেক্ষিতে মজলিসে শূরা প্রস্তাব করছে যে, ক) অপরাধীদের দলীয় পরিচয় বা প্রভাব বিবেচনা না করে তাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। খ) আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকল্পে অবশ্যই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। খ) আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নি¤œ আদালত ও উচ্চ আদালতের বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ, দ্রুত, কার্যকর ও সময়োপযোগী করতে হবে। গ) দেশে ধর্ষণ রোধ ও ধর্ষকদের শাস্তি নিশ্চিতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনীকে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে সচেতন করে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। ঘ) ভারত কর্তৃক অবৈধ পুশইন ঠেকাতে সরকারের দৃঢ় ও কঠোর অবস্থান গ্রহণ করে বিজিবিকে সক্রিয় রাখা। একই সঙ্গে সীমান্তবর্তী নাগরিকদের সতর্ক রাখতে স্থানীয় সরকার ও প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। ঙ) সীমান্ত হত্যা বন্ধে ও পুশইন ঠেকাতে কূটনৈতিক চ্যানেলে তীব্র প্রতিবাদ জানানো ও আলোচনায় মাধ্যমে সীমান্তের যেকোনো সমাধানের পন্থা নিশ্চিত করতে হবে। এজন্য আন্তর্জাতিক লবি, মানবাধিকার সংগঠনগুলোকে কাজে লাগাতে হবে। চ) ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে কূটনৈতিক চ্যানেলে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ছ) সরকারকে ভারতীয় হাইকশিনারের বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অখন্ডতা বিরোধী বক্তব্যের প্রতিবাদ করতে হবে।

৪। স্থানীয় সরকার নির্বাচন দ্রুত অনুষ্ঠান: গণতন্ত্রকে অর্থবহ করতে ও রাষ্ট্রের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য স্থানীয় সরকার ব্যবস্থায় জবাবদিহিতা, স্বচ্ছতা, নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে স্থানীয় সরকার ব্যবস্থায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই। এমতাবস্থায় মজলিসে শূরা প্রস্তাব করছে যে, স্থানীয় পর্যায়ের সকল স্তরে দ্রুত নির্বাচন দেয়ার লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া সরকার দলীয় নেতাদের অতি দ্রুত অপসারণ করতে হবে।

৫। রাষ্ট্রীয় ও প্রশাসনিক কাঠামোতে দলীয়করণমুক্ত ও সুশাসন প্রতিষ্ঠা: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহে দলীয়করণ, পক্ষপাতিত্ব ও রাজনৈতিক প্রভাব বিস্তারের ফলে সুশাসন, জবাবদিহিতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কেন্দ্রীয় মজলিসে শূরা নি¤েœাক্ত প্রস্তাবসমূহ উপস্থাপন করছে- ক) প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সকল ধরনের দলীয় ও রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা নিশ্চিত করতে হবে। খ) রাষ্ট্রের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ, পদোন্নতি, পদায়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা এবং কর্মদক্ষতাকে একমাত্র মানদ- হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, যাতে জনগণ দক্ষ, নিরপেক্ষ ও মানসম্মত সেবা লাভ করতে পারে। গ) নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জনআস্থা নিশ্চিত করার লক্ষ্যে একটি শক্তিশালী, স্বাধীন, জবাবদিহিমূলক ও কার্যকর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সকল নিয়োগ কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করতে হবে।

৬। বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা এবং অবসর সুবিধা নিশ্চিতকরণ: কেন্দ্রীয় মজলিসে শূরা নি¤েœাক্ত প্রস্তাবসমূহ পেশ করছে- ক) বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা সময়োপযোগী করতে হবে এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তা পুনর্নির্ধারণ ও নিয়মিত পরিশোধ নিশ্চিত করতে হবে। খ) অবসরপ্রাপ্ত শিক্ষকগণের অবসরকালীন ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা নির্ধারিত সময়ের মধ্যে প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে তাঁরা আর্থিক অনিশ্চয়তা ও দুর্ভোগ থেকে মুক্ত থাকতে পারেন।

৭। জুলাই গণহত্যাকারীদের বিচার দ্রুত সম্পন্নকরণ: বর্তমান সরকারের সময়ে পতিত ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সহযোগীদের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রমে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। একই সঙ্গে অভিযুক্তদের মধ্যে অনেকের জামিনে মুক্তি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এতে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায়বিচার প্রাপ্তি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় মজলিসে শূরা প্রস্তাব করছে- ক) ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রম দ্রুত, স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মতভাবে সম্পন্ন করে দেশে ন্যায়বিচার, আইনের শাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, উপরোক্ত প্রস্তাবসমূহ আন্তরিকতা, স্বচ্ছতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে বাস্তবায়িত হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক নিরাপত্তা, সুশাসন এবং আইনের শাসন সুদৃঢ় হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, নীতিনির্ধারক, রাজনৈতিক নেতৃত্ব এবং সচেতন নাগরিকদের প্রতি এসব প্রস্তাব বাস্তবায়নে সম্মিলিত, দায়িত্বশীল ও আন্তরিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।”