দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ কোটি ১৭ লাখ, যেখানে নিয়োজিত জনবল প্রায় ৩ কোটি ৬ লাখ। এর মধ্যে রাজশাহী জেলায় মোট ২ লাখ ৩৩ হাজার ২৭৫টি অর্থনৈতিক ইউনিট রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত জনবলের সংখ্যা ৫ লাখ ১ হাজার ৭৮৭ জন। জেলার অর্থনৈতিক ইউনিটগুলোর মধ্যে ৪৯ দশমিক ৮২ শতাংশ স্থায়ী, ৪ দশমিক ৫১ শতাংশ অস্থায়ী এবং ৪৫ দশমিক ৬৭ শতাংশ অর্থনৈতিক খানা।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় পরিসংখ্যান দপ্তর আয়োজিত ‘অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল অবহিতকরণ ও স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার’-এ এসব তথ্য তুলে ধরা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্মপরিচালক মো. আব্দুল হালিম। প্রবন্ধের ওপর আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব মো. জাকির হোসেন। সেমিনারে জানানো হয়, সারাদেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ কোটি ১৭ লাখ, যেখানে নিয়োজিত জনবল প্রায় ৩ কোটি ৬ লাখ। এর মধ্যে ৩৭ শতাংশ অর্থনৈতিক ইউনিট শহরাঞ্চলে এবং ৬৩ শতাংশ গ্রামাঞ্চলে অবস্থিত। জাতীয় পর্যায়ে কর্মরত জনবলের ৮৩ শতাংশ পুরুষ এবং ১৭ শতাংশ নারী।

রাজশাহী বিভাগের তথ্য অনুযায়ী, বিভাগে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১৬ লাখ ৮১ হাজার এবং নিয়োজিত জনবল ৩৪ লাখ ৯ হাজার। বিভাগের জেলাগুলোর মধ্যে ৩ লাখ ৩৭ হাজার অর্থনৈতিক ইউনিট নিয়ে বগুড়া শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে ৮৭ হাজার ৮৩২টি অর্থনৈতিক ইউনিট নিয়ে জয়পুরহাট সবচেয়ে পিছিয়ে। নওগাঁ ও সিরাজগঞ্জ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। রাজশাহী জেলার অবস্থান বিভাগে চতুর্থ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান, শিল্প ও কলকারখানার মালিক, চেম্বার প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রণয়নের জন্য জরিপকারীদের কাছে যথাযথ তথ্য প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।