যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের একাধিক ইউনিট।বিবিসির খবরে বলা হয়, ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে জানিয়েছে, সংঘর্ষে জড়িত ট্রেন দুটি ছিল করবি থেকে লন্ডনের সেন্ট প্যানক্রাসগামী বিকেল ৪টা ৪০ মিনিটের ট্রেন এবং অন্যটি নটিংহ্যাম থেকে সেন্ট প্যানক্রাসগামী বিকেল ৩টা ৫০ মিনিটের ট্রেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ঘটনাটিকে ‘মেজর ইনসিডেন্ট’ বা বড় ধরনের দুর্ঘটনা হিসেবে ঘোষণা করেছে।
ন্যাশনাল ইউনিয়ন অব রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (আরএমটি) বলেছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তি একজন ট্রেন চালক এবং আরএমটির প্রাক্তন প্রতিনিধি ছিলেন। সংগঠনটির মহাসচিব এক বিবৃতিতে নিহত চালকের পরিবার, সহকর্মী ও রেলকর্মীদের প্রতি সমবেদনা জানান।
ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক, ২২ জনের অবস্থা গুরুতর এবং আরও ৫৬ জন সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত এক যাত্রী পিটার ন্যাপ জানান, তিনি ট্রেনের সামনের বগিতে ছিলেন। তিনি বলেন, ‘মনে হয়েছে যেন কোনো বোমা বিস্ফোরণের মধ্যে পড়েছি।’
ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিহত ব্যক্তির প্রতি শোক প্রকাশ করে দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। দুর্ঘটনার কারণে লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনে যাওয়া ও সেখান থেকে ছেড়ে যাওয়া ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানায়নি কর্তৃপক্ষ।