ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন একটি পরিচয় যাচাই ব্যবস্থা চালু করতে যাচ্ছে মেটা। ফেসবুক ভেরিফায়েড নামে আসা এই ফিচারের মাধ্যমে কোনো ধরনের অর্থ পরিশোধ ছাড়াই ব্যবহারকারীরা ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুযোগ পাবেন। মূল লক্ষ্য হলো ভুয়া অ্যাকাউন্ট কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া পরিচয় সহজে শনাক্ত করা।

নতুন এই সুবিধা পেতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থা ভিডিওটির সঙ্গে প্রোফাইল ছবির মিল পরীক্ষা করবে। সব তথ্য সঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হয়ে যাবে।

তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত হবে না। আবেদনকারীর বয়স অবশ্যই কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো বা ফেসবুকের কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের ইতিহাস থাকলে আবেদন বাতিল হতে পারে।

প্রাথমিকভাবে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় দেখা যাবে। ভবিষ্যতে নিউজ ফিডের পোস্টেও এই ব্যাজ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় সফলভাবে যাচাই হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই সেই ভেরিফিকেশন কার্যকর থাকবে।

মেটা জানিয়েছে, নতুন এই সুবিধা তাদের বিদ্যমান মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন সেবার বিকল্প নয়। কারণ অর্থের বিনিময়ে পাওয়া মেটা ভেরিফায়েডে অতিরিক্ত গ্রাহক সহায়তা ও বিভিন্ন প্রিমিয়াম সুবিধা দেওয়া হয়। অন্যদিকে, বিনামূল্যের ফেসবুক ভেরিফায়েড কেবল ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার উদ্দেশ্যেই চালু করা হচ্ছে এবং এতে কোনো অতিরিক্ত প্রিমিয়াম সুবিধা অন্তর্ভুক্ত থাকবে না।

প্রথম ধাপে কয়েকটি দেশে এ সুবিধা চালু হবে। পরে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। মেটার আশা, নতুন এই উদ্যোগ ফেসবুককে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।