স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে টঙ্গী ফুটবল একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে মানিকগঞ্জের একরাম স্মৃতি ফুটবল একাডেমি।

শনিবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধের ১৮ মিনিটে টঙ্গী ফুটবল একাডেমির ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় স্বাধীন গোল করে দলকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে একরাম স্মৃতি ফুটবল একাডেমির ১৭ নম্বর জার্সিধারী রাসেল সমতাসূচক গোল করেন। এরপর ম্যাচের ৮৬ মিনিটে একই দলের ১১ নম্বর জার্সিধারী ইমন জয়সূচক গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন এবং ফাইনাল নিশ্চিত করেন।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহাম্মেদ পলক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হান্নান মিয়া হান্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. ইকবাল হোসেন, মো. জাকির হোসেন চৌধুরী এবং জাতীয় ফুটবল দলের ম্যানেজার মো. আমের খান।

ম্যাচ পরিচালনা করেন ফিফার রেফারি আলমগীর সরকার। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন বিকাশ সরকার ও ইমরান খন্দকার। চতুর্থ রেফারি ছিলেন মো. শাহ পরান শান্ত এবং ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান মাসুদ।

গ্যালারিতে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের নির্বাচিত সেরা দর্শক, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুর রউফ নয়ন, অর্থ কমিটির সদস্য সচিব ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ.ক.ম. মোফাজ্জল হোসেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, ক্রীড়া সংগঠক আব্দুর রহিম খান কালা, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মনির, বিএনপি নেতা লুতফর রহমান লাতু, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম, মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান, আয়োজক কমিটির সদস্য শেখ রাসেল আহাম্মেদ শ্যামল, সিরাজুল ইসলাম, ফখরুল ইসলামসহ ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

গত ২০ জুন শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশের ১৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শকের উপস্থিতিতে শহীদ বরকত স্টেডিয়াম উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে উঠেছে।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে একরাম স্মৃতি ফুটবল একাডেমি, মানিকগঞ্জ এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ঢাকা।