স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯টি মামলার আসামি হিসেবে চিহ্নিত এক দুর্ধর্ষ ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী এবং একাধিক পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে সদর থানার একাধিক চৌকস টিম মহানগরের বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯টি মামলার আসামি হিসেবে চিহ্নিত দুর্ধর্ষ ছিনতাইকারী মনির হোসেন (২০) রয়েছে। এছাড়া অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আরও কয়েকজন আসামিকেও অভিযানে আটক করা হয়েছে।
জিএমপি সূত্রে জানা গেছে, মহানগরে অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই, মাদক কারবার ও সন্ত্রাসী কার্যক্রম দমনে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
গ্রেপ্তারকৃত সকল আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।