দেশে নিত্যপ্রয়োজনীয় এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে নাগরিকদের চরম ভোগান্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, “দেশের নাগরিকরা নিত্যপ্রয়োজনীয় পণ্য এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে ভুগছেন। বাসাবাড়িতে দৈনন্দিন রান্নাবান্না, সিএনজিচালিত গাড়ি চলাচল এবং কলকারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।”

অ্যাডভোকেট জুবায়ের আরও উল্লেখ করেন, বেশ কিছুদিন ধরে তীব্র গ্যাস সংকটের কারণে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, যার ফলে নাগরিকদের লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।

গ্যাস সংকটে চরম ভোগান্তি, নিরসনে জামায়াতের আহ্বান২

গ্যাস সংকটের নেপথ্য কারণ উল্লেখ করে তিনি বলেন, "দেশবাসী মনে করে, গ্যাসের এমন সমস্যার পেছনে অবৈধ সংযোগ এবং সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেট অনেকাংশে দায়ী। কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর কোনো অপচেষ্টা বা পাঁয়তারা চলছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে।"

সংকট নিরসনে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে জামায়াত নেতা বলেন, সরকার নাগরিকদের দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণের দিকে খেয়াল না রেখে অসাধু চক্রকে সুবিধা প্রদান করছে। এ অবস্থা থেকে উত্তরণে নাগরিকদের দুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি গ্রাহকদের চাহিদার আলোকে নতুন গ্যাসকূপ অনুসন্ধান ও খনন, বিদ্যমান কূপগুলো থেকে গ্যাস উত্তোলন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া জরুরি।

চলমান এই সংকট দ্রুত নিরসন করে জনগণকে স্বস্তি দিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কঠোর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।