বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট চিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। আজ রোববার (৫ জুলাই) মিরপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৮৫ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দুপুরের দিকে মিরপুরের একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে তিনি অসুস্থ বোধ করলে তাঁকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং মরহুমের পুত্রবধূ রাজিয়া রহমান তাঁর মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন এবং বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। শিক্ষা, সাহিত্য, ভাষা ও সংস্কৃতি বিষয়ে তার অবদান দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে বিশেষভাবে স্বীকৃত।
বাংলা ভাষার সর্বস্তরে ব্যবহার নিশ্চিত করার আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে গবেষণা, সাহিত্য সমালোচনা ও প্রবন্ধ রচনায় রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। তিনি ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ সাময়িকপত্র সম্পাদনা করেছেন এবং তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে একুশে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা এবং সংস্কৃতির সহজ কথা। এছাড়া তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি ও স্বদেশচিন্তাসহ একাধিক গ্রন্থ।
সাহিত্য ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশের সাহিত্য, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ কর্মময় জীবন এবং চিন্তাধারা বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।