ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে ২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গুলশানের বাসভবন থেকে শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর পাশে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

পরে ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি ছাত্রী হোস্টেল নির্মাণ-সংক্রান্ত উপস্থাপনা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। তিনি প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। পরে ক্যাম্পাস প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ করেন।

এ ছাড়া ডিএমসি-ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশ নেন মাননীয় প্রধানমন্ত্রী।