ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল ঘিরে হামলার কোনো শঙ্কা নেই। মঙ্গলবার (২৩ জুন) সকালে পুরান ঢাকার হোসাইনী দালানে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ডিএমপি কশিনার বলেন, কোনো আশঙ্কা না থাকলেও আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, আশুরা উপলক্ষ্যে সব ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। বোম্ব ডিসপোজাল ও কেনাইন ইউনিট দিয়ে অনুষ্ঠানস্থল সুইপিং করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল, কেনাইনসহ বিশেষায়িত ইউনিট স্ট্যান্ডবাই থাকবে।
মোসলেহ উদ্দিন আহমদ আরও বলেন, তাজিয়া মিছিলে নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি হবে না। বহন করা যাবে না দাহ্য ও ধারালো বস্তু। ঢাক ঢোল, উচ্চ শব্দের কোনো যন্ত্র মিছিলে রাখা যাবে না।