বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এবং তাঁর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। এই ঘটনা ও পরবর্তী সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী সার্বিক বিষয়ে আলোকপাত করতে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথকক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজে উপস্থিত থেকে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হবেন এবং বর্তমান পরিস্থিতি ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে কথা বলবেন।
রাষ্ট্রপতির পদত্যাগের এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। বিকেলের সংবাদ সম্মেলন থেকেই সরকারের পরবর্তী পদক্ষেপ ও সাংবিধানিক প্রক্রিয়ার বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।