সম্প্রতি দিনাজপুরের খানসামা উপজেলার বোর্ডেরহাটে সুদের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন একটি ইতিবাচক উদ্যোগ। সমাজের একটি দীর্ঘদিনের সমস্যার বিরুদ্ধে সাধারণ মানুষের এমন প্রতিবাদ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। অর্থনৈতিক সংকটে পড়ে অনেক মানুষ উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হন। কিন্তু পরে সে ঋণের বোঝা তাদের জীবনকে আরও কঠিন করে তোলে। অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বাড়ে সামাজিক ও পারিবারিক অস্থিরতা। তাই এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি আজ সময়ের দাবি।

বোর্ডেরহাটে যে সচেতনতার সূচনা হয়েছে, তা শুধু একটি এলাকা বা উপজেলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা দেশে ছড়িয়ে পড়ুক। সুদের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে জানাতে সামাজিক আন্দোলন, আলোচনা সভা ও মানববন্ধনের মতো কর্মসূচি আরও বাড়ানো প্রয়োজন। একটি সচেতন ও মানবিক সমাজ গঠনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। জনসচেতনতাই পারে এই সমস্যা মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে।

- পিজুস কুমার রায়, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।